চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নলুয়া গ্রামের খান বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী রিনা বেগম (৫৫) এবং তাঁর ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে নতুন ভরাট করা বালুতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাসেল। এ সময় বৈদ্যুতিক পাম্পে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা রিনা বেগমও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
রিনা বেগমের চার সন্তান এবং রাসেল খানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রাসেল চাঁদপুর সদর এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
