স্টাফ রিপোর্টার: সিন্ডিকেট ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় আসা নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে ফল দেখাতে চান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ড বাইট’ দেওয়া হবে না। সরকার কাজ করে তার প্রমাণ দেবে।
তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে প্রথম শর্ত হলো স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে সরকার গুরুত্ব দেবে বলেও জানান মন্ত্রী।
এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়া বিলম্বিত করার বিষয়ে সরকার কাজ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একই সুরে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী।
এদিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করছেন। মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। নতুন সরকারের শপথের পর এটিই প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
