প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী এবং বিভিন্ন দফতরের সচিবরা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, শিগগিরই এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।
মন্ত্রী আরও জানান, বিএনপির ইশতেহারের ওপর জনগণ যে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রমজান মাসের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন–শৃঙ্খলা বজায় রাখা এবং সাহরি ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহে কোনও বাধা না থাকার বিষয়ে প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন।
অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়কে সতর্ক রাখতে বলা হয়েছে।
