কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ নেওয়ার পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাতে এলাকায় ফেরার পর বুধবার সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রামে গিয়ে শহীদদের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান। প্রথমে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের জন্য ঘর নির্মাণ এবং ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। পরে শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের পরিবারের জন্য ২ লাখ টাকায় একটি দোকান নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়া শহীদ জহিরুল ইসলাম ও শহীদ সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন।
দুপুরে তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে তিনি ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা তদারকির আশ্বাস দেন।
হাসনাত আব্দুল্লাহ এক আবেগঘন বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং আহতদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শহীদ ও আহতদের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে হয়রানি বা চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা হবে তার প্রধান লক্ষ্য।
