স্টাফ রিপোর্টার: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি নির্দেশনা দেন সরকারপ্রধান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানান, আসন্ন রমজানে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, জনগণের বিপুল সমর্থনের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রতিটি মন্ত্রণালয়কে কোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং দুর্নীতির প্রশ্নে সরকার কঠোর অবস্থানে থাকবে। জনগণের প্রত্যাশা পূরণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়া রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপর থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনমুখী কর্মসূচিগুলো দ্রুত দৃশ্যমান ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের কাছে করা অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃশ্যমান পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও বৈঠকে জানানো হয়।
