শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করেছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ ও উচ্চ মাধ্যমিক কলেজে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’-এর বাইরে নতুন কোনো খাত তৈরি করে অর্থ আদায় করা যাবে না।
নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর সব আয়-ব্যয় সরকারি আর্থিক বিধি মেনে পরিচালিত হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে হিসাব সংরক্ষণে দায়িত্বশীল থাকবেন এবং কোনো আর্থিক অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আয় ব্যবস্থাপনায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মালিকানাধীন ব্যাংক বা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি, দান-অনুদান ও অন্যান্য আয় গ্রহণ করবে। জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগে নগদ অর্থ নেওয়া হলে তা দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আয়-ব্যয়ের খাতের কোনো পরিবর্তন বা সংযোজন করতে হলে সংশ্লিষ্ট অনুমোদন প্রয়োজন হবে এবং নির্ধারিত খাতের অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দিতে হবে।
