নীলফামারীর সৈয়দপুর শহরে ভিসা প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছে নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। এ সময় পিবিআই দলের দুই সদস্য আহত হন এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও মাইক্রোবাসচালক মো. হাসান আহত হন।
মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত ১ ডিসেম্বর দায়ের করা একটি ভিসা প্রতারণা মামলার আসামিকে ধরতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈয়দপুরে অভিযান চালায় পিবিআই। অভিযানে খালেদ মার্কেটের বিলাস গার্মেন্টসের মালিক মহসিন আল মামুন ওরফে মন্টুকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করা হয়।
এ সময় আটক ব্যক্তি নিজেকে ভুয়া ডিবি পুলিশ ধরে নেওয়া হচ্ছে বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে মব তৈরি করে। মুহূর্তের মধ্যেই তারা পিবিআই সদস্যদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে। একপর্যায়ে আসামি মহসিন আল মামুন ওরফে মন্টুকে ছিনিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআই সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহত দুইজনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে আসা পিবিআই দলের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
