স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ভেতরে কোনো ধরনের ভীতি কাজ করছে না। মব ভায়োলেন্স বলে আলাদা কোনো বাস্তবতা নেই এবং আসন্ন নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি অশোভন আচরণে জড়ায় এবং তা সামাজিকভাবে প্রকাশ পায়, তাহলে এমনিতেই সে চাপে পড়বে। প্রয়োজনের অতিরিক্ত কিছু হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক এবং নিয়মিতভাবে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
এ সময় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
