দেশের ক্রিকেটের সামগ্রিক কাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা নির্ধারণে আলোচনা সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, সভায় তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে। এসব পর্যায়ের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।
বিশেষভাবে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাবও উঠে আসে— যারা দক্ষতার সঙ্গে খেলোয়াড় গড়ে তুলবেন, তারা এই সুবিধার আওতায় আসবেন।
এছাড়া দেশব্যাপী ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির প্রয়োজনীয়তার কথা বলা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স পর্যবেক্ষণে সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো এবং পেশাগত উন্নয়নের জন্য সুস্পষ্ট ক্যারিয়ার পথ নির্ধারণ নিয়েও আলোচনা হয়।
বিসিবি জানিয়েছে, কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।
