ভোলা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুর রহমান পার্থ ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির এক নির্বাচনী জনসভায় তিনি এ দাবি তোলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে পার্থ বলেন, তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নির্বাচন সামনে রেখে তিনি ভোলাবাসীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন— ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভোলা–বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন নিয়ে অনেকেই নানা কথা বলেন, কিন্তু ভোলার মানুষের জন্য কী করা হবে— তা স্পষ্টভাবে বলা হয় না। গ্যাসসহ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার প্রসারের ওপর জোর দেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে পার্থ বলেন, জাতীয়তাবাদী শক্তির পতাকা ধরে রাখতে হলে ভোলা–বরিশাল সংযোগ সেতু ও ভোলা সরকারি কলেজের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্রদলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিভাগটির ছয় জেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নিয়ে তারেক রহমানের প্রতি সমর্থন জানান।
