দেশে বর্তমানে নারী শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ সুবিধা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ঘোষণায় বলা হয়েছে, সব নারী শিক্ষার্থী স্নাতক পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে।
একই সঙ্গে শিক্ষার সব স্তর ও ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে তারা নিজেদের ইচ্ছা ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণ ও কর্মজীবনে প্রবেশ করতে পারেন। নারীর অধিকার সংরক্ষণকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত এ ইশতেহারে এসব অঙ্গীকার তুলে ধরা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ইশতেহারে একটি নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়। শিক্ষাব্যবস্থা বিষয়ক অংশে নারী শিক্ষার প্রসারে এসব উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।
