লক্ষ্মীপুরে বেআইনিভাবে ভোটের সিল তৈরির অভিযোগে এক ব্যবসায়ী ও জামায়াতের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, গ্রেপ্তার জামায়াত নেতার নির্দেশেই এসব সিল প্রস্তুত করা হচ্ছিল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
মামলার আসামিরা হলেন সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের সোহেল, যিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত মারইয়াম প্রিন্টার্সের মালিক এবং লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন শরীফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘরবিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলের দেওয়া তথ্য, কথোপকথন ও ভয়েস ম্যাসেজ যাচাই করে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে মামলার আসামি করা হয়। পুলিশের দাবি, তার নির্দেশেই সিলগুলো তৈরি করা হচ্ছিল।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথকভাবে সাংবাদিক সম্মেলন করে। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, সিল তৈরির ঘটনায় জামায়াত জড়িত এবং আটক সোহেল জামায়াতের কর্মী।
পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত প্রার্থী ও দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে সৌরভ হোসেন শরীফের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পর সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
