গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর এই এলাকার সন্তান। অতীতের আন্দোলন-সংগ্রামে তিনি বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন। তাই এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দয়া করে নুরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন।
এ সময় তিনি দক্ষিণাঞ্চলের বিভিন্ন আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন। এর মধ্যে ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ আরও ১৯ জন প্রার্থীর নাম উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন বিএনপির অগ্রাধিকার। ক্ষমতায় গেলে এই অঞ্চলের অবকাঠামো, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশাল বিভাগ সফরে এসে তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
