আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। দলটির আমির ডা. শফিকুর রহমান সন্ধ্যা ৬টায় জামায়াতের ফেসবুক পেজে লাইভে এসে ইশতেহার ঘোষণা করবেন।
বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির। তিনি বলেন, ইশতেহারে এমন কিছু বিষয় উপস্থাপন করা হবে, যা বাংলাদেশে আগে দেখা যায়নি।
পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ফাঁকা প্রতিশ্রুতি ও বড় বড় দাবির প্রচলন রয়েছে। এ প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় ভিন্নধর্মী কিছু উপস্থাপন করা হবে। তিনি জানান, প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ইশতেহার ও জাতীয় পরিকল্পনা সরাসরি জনগণের সামনে তুলে ধরা হবে।
ইশতেহারে বড় ধরনের প্রতিশ্রুতি না রেখে শাসনব্যবস্থা, ন্যায়বিচার, অর্থনীতি, যুবসমাজ, স্বাস্থ্যসেবা ও জাতীয় সংস্কার নিয়ে সুস্পষ্ট ও বিস্তারিত রূপরেখা থাকবে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জামায়াত জানিয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দলটির নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা নিয়ে দলের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানানো হয়।
