জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ গেম অব থ্রোন্স–এর অনুকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করে তৈরি কিছু ব্যানার চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় টানানো হয়েছে। এসব ব্যানার ঘিরে নগরজুড়ে আলোচনা শুরু হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে কৌতূহল। তবে বিষয়টির সঙ্গে দলের সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জামায়াত ও ছাত্রশিবির নেতারা।
জামায়াত আমিরের দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচিতে কক্সবাজারের মহেশখালী ও সদরসহ চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা রয়েছে।
এই সফরকে সামনে রেখে লাগানো ব্যানারগুলোতে গেম অব থ্রোন্স–এর বহুল পরিচিত সংলাপ “উইন্টার ইজ কামিং” লেখা রয়েছে। ব্যানারে তলোয়ার আকৃতির দাঁড়িপাল্লা হাতে শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। নিচে ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’ নামে কার্টেসিও উল্লেখ আছে।
‘উইন্টার ইজ কামিং’ মূলত সিরিজটির হাউস স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা প্রতিকূল সময়ের জন্য সতর্ক থাকার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পপ-কালচারের এই সংলাপ বর্তমানে বড় পরিবর্তন বা সংকটের পূর্বাভাস বোঝাতেও ব্যবহৃত হচ্ছে।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, কিছু ফ্যান পেজ থেকে ছবি ভাইরাল হওয়ার পর কেউ সেগুলো ব্যানার আকারে ছাপিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি সমর্থকদের ব্যক্তিগত আগ্রহের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীও জানান, দলীয় সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গেম অব থ্রোন্স মার্কিন লেখক জর্জ আর. আর. মার্টিনের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি জনপ্রিয় টেলিভিশন সিরিজ, যা ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রচারিত হয়।
