১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান (সাফিকুর রহমান নামেও পরিচিত) এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্য দুই আসামি হলেন শফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক তাহমিনা আক্তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।
এর আগে রোববার দিবাগত রাতে উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর গোলাম মোস্তফাকে একটি শিশু গৃহকর্মী খোঁজার কথা জানানো হয়। পরে গত বছরের জুনে মোহনা নামে শিশুটিকে ওই বাসায় কাজে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ২ নভেম্বর পর্যন্ত শিশুটিকে সুস্থ অবস্থায় দেখা গেলেও এরপর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
গত ৩১ জানুয়ারি শিশুটির অসুস্থতার কথা জানিয়ে ফোন করা হলে তার বাবা গোলাম মোস্তফা গিয়ে তাকে নিয়ে আসেন। তখন শিশুটির দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখা যায় এবং সে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটি জিজ্ঞাসাবাদে অভিযোগ করে, ২ নভেম্বরের পর থেকে বিভিন্ন সময়ে শফিকুর রহমান, তার স্ত্রী ও অন্যরা তাকে মারধর এবং আগুনে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দিয়েছে। এ ঘটনায় বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন।
