মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কালকিনি আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হাসান আকন ওই এলাকার নিজাম আকনের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল বলে জানানো হয়েছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল সরবরাহের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
