নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন।
সরেজমিনে দেখা গেছে, জামালদী মেঘনা সেতু এলাকা থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বাস ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলাচল করছে। দুপুর পর্যন্তও এই যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
ঢাকাগামী যাত্রী তুষার হোসেন জানান, জরুরি কাজে বের হলেও বালুয়াকান্দি এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে, ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
একই সড়কে চলাচলরত পণ্যবাহী ট্রাকচালক বাঁধন হক বলেন, বিকল্প পথ ব্যবহার করেও তেমন সুবিধা পাওয়া যায়নি। অতিরিক্ত যানবাহনের চাপে প্রায় স্থবির হয়ে পড়েছে সড়ক।
দাউদকান্দি থেকে ঢাকাগামী বাসচালক রহিম মিয়া জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে গজারিয়া অংশে যানজট ছড়িয়ে পড়ে। লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের এক পাশ বন্ধ থাকায় ঢাকামুখী লেনে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, অষ্টমী স্নান উৎসব উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
