লেবাননে চলমান সংঘাতে ইসরাইলি বাহিনীর আরও এক সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। সর্বশেষ এই হতাহতের ঘটনায় দক্ষিণ লেবাননে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে একজন সৈন্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। নিহত সেনার নাম ২১ বছর বয়সী সার্জেন্ট উরি গ্রিনবার্গ।
অন্যদিকে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। পাশাপাশি ইসরাইলের ভেতরেও ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এই ধারাবাহিক হামলার অংশ হিসেবে কিরিয়াত শমোনা এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানানো হয়। এতে করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উত্তেজনা আরও বেড়ে গেছে।
এদিকে, সংঘর্ষে আহত কয়েকজন ইসরাইলি সেনাকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, লেবানন সীমান্তে এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে।
আজকের খবর/ এম.এস.এইচ
