মৃত্যুর ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি তাদের দাফন, দাহ বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পৃথক অনুদান দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সংস্থাটির সূত্রে জানা যায়, এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন ডিএসসিসির সচিব নাছিম আহমেদ।
আদেশ অনুযায়ী, সংস্থার ৯ম কর্পোরেশন সভার সিদ্ধান্তের ভিত্তিতে ঐচ্ছিক তহবিল নীতিমালার আওতায় মৃত্যুবরণ করা পরিচ্ছন্নতাকর্মীর পরিবারকে এককালীন ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মীর দাফন, দাহ বা সৎকারের ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
