মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার মধ্যে বাজারে অনিশ্চয়তা বাড়ায় এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলার অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও বৃদ্ধি পেয়েছে। আগের দিন দাম কমলেও নতুন করে সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বাজারে আবার চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা জোরদার হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও তা এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা নেই, যা বাজারে উদ্বেগ আরও বাড়িয়েছে। ফলে জ্বালানি তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
