রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে চলমান অভিযানে সাময়িক বিরতি দেওয়া হয়েছে। তবে উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার অভিযান আপাতত কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে, তবে এটি চূড়ান্তভাবে বন্ধ করা হয়নি। নতুন করে নিখোঁজের তথ্য পাওয়া গেলে আবারও অভিযান শুরু করা হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে—এর মধ্যে আগের দিন ২৩ জন এবং আজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি অংশ নিচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিকল্পনা অনুযায়ী আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
