সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য অফিসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় এবং মাইকিং করে সাধারণ মানুষকে তা জানানো হয়। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়ে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা যাবে না।
নতুন নিয়ম অনুযায়ী, তেল নেওয়ার সময় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেলের ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে নতুন এ নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এটিকে বাড়তি ভোগান্তি হিসেবে দেখছেন।
