মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বহদ্দারহাট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাচের। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মাধ্যমে দুই ধরনের ব্যালেটের ভিত্তিতে গণভোটের রায় দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের। তিনি দাবি করেন, জুলাই সনদের বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং এটি কার্যকর না হলে প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়।
এ সময় মহানগর জামায়াতের সহকারী নেতা মোহাম্মদ উল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ বিষয়টি মেনে নেবে না বলে সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করা হবে।
সমাবেশে চান্দগাঁও ওয়ার্ডের আমির মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
