নাটোরের লালপুর উপজেলায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
