মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এসেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত এমন মন্তব্য করেছেন।
তার মতে, ট্রাম্প হয়তো সত্যিই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এবং একটি সমাধান খুঁজছেন। তবে বিষয়টি কৌশলগত দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে। তিনি বলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত পুরোপুরি ট্রাম্পের হাতে নয়; বরং তা অনেকটাই ইসরায়েলের অবস্থানের ওপর নির্ভর করছে, আর এই মুহূর্তে ইসরায়েল যুদ্ধ থামাতে প্রস্তুত নয়।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের সেনাবাহিনী দক্ষিণ লেবানন দখল করে লিতানি নদী পর্যন্ত অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে, যা লেবাননের প্রায় দশভাগ ভূখণ্ডের সমান। এই অগ্রযাত্রা ভবিষ্যতের আঞ্চলিক সমঝোতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল যদি লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারে, তবে তারা এই যুদ্ধের ইতি টানার কথা বিবেচনাও করবে না। ফলে সম্ভাব্য কোনো যুদ্ধবিরতি বা সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।
আজকের খবর/ এম.এস.এইচ
