ইরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে—ডোনাল্ড ট্রাম্প–এর এমন দাবির মধ্যেই ইসরায়েল–এ মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হামলার অন্যতম কেন্দ্র ছিল তেল আবিব। সেখানে ক্ষেপণাস্ত্র আঘাতে একটি ভবন ও আশপাশের সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
জরুরি সেবা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, হামলায় আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রশ হেইন এলাকায় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মঙ্গলবারই দেশটির বিভিন্ন এলাকায় অন্তত তিন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উত্তরাঞ্চলেও আঘাত হানার খবর পাওয়া গেছে।
এই হামলাগুলো এমন সময়ে ঘটল, যখন ট্রাম্প দাবি করেছিলেন যে, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে। তবে ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক বক্তব্যের বিপরীতে বাস্তব পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
আজকের খবর / এম.এস.এইচ
