বঙ্গোপসাগর–এর গভীরে জলদস্যুদের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের বহনকারী ট্রলারটি প্রায় ২০ ঘণ্টা পর রোববার দিবাগত রাত ১১টার দিকে মহিপুর ঘাট–এ পৌঁছায়। পরে তাদের কলাপাড়ায় চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানাধীন এফবি জাহিদ নামের ট্রলারে ১৪ জন জেলে ছিলেন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হন। নুর আলমের বাড়ি বড় টেংরা গ্রামে এবং শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে।
এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক জানান, গভীর সাগরে জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলি ছুড়তে শুরু করে। জেলেরা দিকবিদিক ছুটে গেলে দুজন গুলিবিদ্ধ হন। ট্রলারের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে বলে জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি–এর সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জেলেরা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। তবে কোন জলদস্যু বাহিনী এ হামলায় জড়িত, তা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা চলছে।
