উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া আবারও কিম জং উন–কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রোববার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত পার্টির নবম কংগ্রেসে এ ঘোষণা দেওয়া হয়।
১৯৪০–এর দশকের শেষ দিক থেকে কিম পরিবার দেশটি শাসন করে আসছে। ২০১১ সালে তার বাবা কিম জং ইল–এর মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। এরপর তিনি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করেন, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া কংগ্রেস চতুর্থ দিনে গড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এ সময় দেশের অস্ত্র কর্মসূচির পরবর্তী ধাপ ঘোষণা করা হতে পারে। কংগ্রেস শুরুর আগে উত্তর কোরিয়া দাবি করে, তারা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন সংস্করণের রকেট লঞ্চার উন্মোচন করেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, প্রায় পাঁচ হাজার প্রতিনিধির উপস্থিতিতে এ কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। প্রতি পাঁচ বছর অন্তর আয়োজিত এই সম্মেলনকে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
এ কংগ্রেসে কিমের মেয়ে কিম জু এই উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সম্প্রতি জানিয়েছে, কিম জং উন তার উত্তরসূরি হিসেবে কিম জু এই-কে প্রস্তুত করছেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং ফোনে কিম জং উনকে পুনর্নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন। চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্য অংশীদার ও ঘনিষ্ঠ মিত্র। তবে পারমাণবিক কর্মসূচি ও রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক নিয়ে বেইজিং সতর্ক অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
