আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন ডাকা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
সংসদের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে। প্রথম বৈঠকেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপনের সূচি রয়েছে। পরবর্তী বৈঠকগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান বাধ্যতামূলক।
প্রচলিত নিয়মে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এবং সেখানে নতুন স্পিকার নির্বাচিত হন। তবে এবার কে প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন, তা এখনো নির্ধারিত হয়নি। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগের পর প্রকাশ্যে অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে।
এ অবস্থায় নির্বাচনের গেজেট প্রকাশের তিন দিন পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
