২০০৬ সালে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে ঝুলে ছিল এবং শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি। তবে আদালতের রায়ের আলোকে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা স্পষ্ট নয়, কিন্তু ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন এবং পুনরায় নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি আরও জানান, পুলিশ বাহিনীতে বর্তমানে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে। জনবল ঘাটতি পূরণে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেউ যদি পুলিশের কাজে বাধা সৃষ্টি করে বা অনধিকার চর্চা করে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
