স্থানীয় সরকার নির্বাচন নির্ধারত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রশাসনিক কিছু জটিলতা থাকলেও সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে সরকার অগ্রাধিকার দেবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের নির্ধারিত নিয়মকানুন ও প্রথা রয়েছে। কিছু মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এসব বিষয় সমন্বয় করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সরকার গুরুত্ব সহকারে দেখছে।
সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত সংসদের এখতিয়ারভুক্ত বিষয়। তবে দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আদর্শ ও নীতির প্রতি অঙ্গীকার, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং দলের জন্য ত্যাগের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
