কৃষকদের জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর আদলে নতুন করে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্রুত পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন জানান, কৃষক কার্ড চালু করা তাদের নির্বাচনী অঙ্গীকারের অংশ। নীতিগতভাবে এ সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল, এখন তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব ‘কৃষক কার্ড’-এর পাইলট কার্যক্রম শুরু করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয়, কারণ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি বিষয় জড়িত রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
