দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদসহ কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের জন্য ভাতা ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করতে আবেদন আহ্বান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–এর জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫–২৬ অর্থবছরে চার শ্রেণির উপকারভোগীদের আর্থিক সহায়তা দেবে। তারা হলেন—
অসচ্ছল ক্রীড়াসেবী, অসুস্থ ক্রীড়াসেবী, দুর্ঘটনায় আহত বা অসমর্থ ক্রীড়াসেবী এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থী। এছাড়া প্রয়োজনে ক্রীড়াসেবীদের পরিবারের সদস্যরাও জাতীয় ক্রীড়া ভাতার আওতায় আসতে পারবেন।
আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
সরকারের এ উদ্যোগে ক্রীড়াঙ্গনে আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের সহায়তা এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
