নোয়াখালীর সদর উপজেলায় অভিনব কৌশলে প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ে দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি পলিপ্যাক থেকে মোট ২ হাজার ৯৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে একটি অপ্পো এ-৩এস মডেলের ডুয়েল সিম স্মার্টফোন এবং একটি নকিয়া ব্র্যান্ডের ডুয়েল সিম বাটন মোবাইল জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুব্রত সরকার শুভ, উপপরিচালক, নোয়াখালী জেলা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
