ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনা ও বিজয়ী প্রার্থীকে শপথগ্রহণ থেকে বিরত রাখার আবেদন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর করা এ আবেদন নির্বাচন কমিশনে জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
অনিয়মের অভিযোগ
আবেদনে তিনি দাবি করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ও তার সমর্থকেরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মে জড়িত ছিলেন। তিনি ১২টি কেন্দ্রে ১১ দফা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
পাটওয়ারীর অভিযোগ, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারাও এসব অনিয়মে সম্পৃক্ত ছিলেন। তাই আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, ভোট পুনর্গণনা এবং চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত শপথ অনুষ্ঠান স্থগিত রাখার দাবি জানান তিনি।
ফলাফল যা বলছে
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
পোস্টাল ভোটে আব্বাস পান ২ হাজার ৮১৪ এবং পাটওয়ারী পান ২ হাজার ৫৫৫ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি এবং বাতিল ভোট ২ হাজার ৮১৭টি। পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন, যার মধ্যে ভোট পড়ে ৬ হাজার ১২টি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও জানা যায়নি। সংশ্লিষ্টদের মতে, আবেদন পর্যালোচনা শেষে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
