দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি না হলেও নতুন করে ৩১ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে নয়জন, ঢাকা বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন ও রাজশাহী বিভাগে দুজন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এ সময়ে ৩২ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১,২২৫ জন ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০৯ জনে—এর মধ্যে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। আর ২০২৫ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০২,৮৬১ জন এবং মারা গেছেন ৪১৩ জন।
