জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের জনগণের প্রত্যাশা পূরণে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। তিনি বলেন, অভিজ্ঞতার অভাব থাকায় তারা বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
স্পিকার বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা প্রফেসর ইউনূস একজন সৎ ও বিশ্বখ্যাত ব্যক্তি হলেও তাদের পক্ষে দেশের জটিল সমস্যাগুলো সমাধান করা সহজ ছিল না। তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতির সূচক নিম্নমুখী ছিল এবং কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।
তিনি বলেন, অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে দায়িত্ব গেলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে। যদিও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে, তবে অভিজ্ঞতার অভাবে তারা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।
তবে তিনি সরকারের একটি বড় সাফল্যের কথা উল্লেখ করে বলেন, তারা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছে। এ ক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকাও প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবিধান প্রসঙ্গে স্পিকার বলেন, কয়েকজন ব্যক্তি ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।
তিন দিনের সরকারি সফরে ভোলায় গেলে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
