ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, জনসেবামুখী পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং আরও জোরদার করতে হবে এবং থানাগুলো থেকে জনগণকে কাঙ্ক্ষিত আইনি সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।
তিনি আরও জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে এই অবস্থা বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ফুট পেট্রোল বা হেঁটে টহল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি থানা এলাকায় কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
