রাজধানীর লালবাগে বাথরুমের বালতির পানিতে পড়ে আয়ান নামে দেড় বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে লালবাগের চান্দিঘাট মাজেদা গার্ডেনের ৭ নম্বর প্লটের ৪৭/১ নম্বর বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়ান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীর নারায়ণপুর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে। পরিবারসহ তারা লালবাগের মাজেদা গার্ডেনে ভাড়া থাকতেন।
নিহতের বাবা স্বপন মিয়া জানান, তার স্ত্রী গৃহস্থালির কাজে ব্যস্ত থাকাকালীন সময়ে আয়ান সবার অগোচরে বাথরুমে যায় এবং বালতির পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে গিয়ে দেখা যায়, মাথা নিচের দিকে করে পানির মধ্যে ডুবে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আজকের খবর/এ. আই. এ.
