সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার পর সেখান থেকে পড়া ধ্বংসাবশেষের কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত খবরে বলা হয়, ঘটনাটির পরপরই প্ল্যান্টের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ কর্মীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এর আগে দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেই প্রতিরোধের ফলেই আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ প্ল্যান্ট এলাকায় আগুন লাগার কারণ হয়ে দাঁড়ায়।
কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে এবং গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে না দিতে সতর্ক করেছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনা সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
