ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কিংবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আবারও ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ আল্টিমেটাম দেন। একই সঙ্গে দুই শর্তের কোনোটিই পূরণ না হলে ইরানের জন্য ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আগের অবস্থানের কথা স্মরণ করিয়ে বলেন, তিনি ইরানকে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলেন। এখন সেই সময় প্রায় শেষ পর্যায়ে। তার ভাষায়, ইরানের ওপর ‘নরক নেমে আসার’ জন্য আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।
একই পোস্টে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরে তিনি বলেন, সবকিছুর পাশাপাশি একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানানো হচ্ছে।
এর আগে গত ২১ মার্চ ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের হুমকি ছাড়া হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না করে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।
তবে ওই হুঁশিয়ারির দুই দিন পর তিনি জানান, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ চলছে। সেই কারণে বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত তিনি পাঁচ দিনের জন্য স্থগিত রাখেন। পরে এ সময়সীমা আরও বাড়ানো হয়। নতুন সময় অনুযায়ী, আগামী সোমবার রাত ৮টায় সেই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।
