জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি মন্ত্রীর জবাবকে হতাশাজনক আখ্যা দিয়ে বলেন, আগের সরকারের সময়ের মতোই একই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
মনিরুল হক চৌধুরী বলেন, বিপুল ব্যয়ের একটি প্রকল্পে আন্ডারপাস ও ওভারপাস না থাকা প্রশ্নবিদ্ধ। অতীতে সড়ক বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রাণহানি ঘটলেও ক্ষতিগ্রস্তরা কোনো ক্ষতিপূরণ পাননি বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীর বক্তব্যকে তিনি পুরোনো ও প্রচলিত বক্তব্যের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।
এর জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা চলমান রয়েছে এবং নির্দিষ্ট স্থানে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট হতে পারেননি সংশ্লিষ্ট সংসদ সদস্য। স্পিকারের প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, গৃহীত পদক্ষেপগুলো সমস্যার আংশিক সমাধান দিতে পারে।
