দেশজুড়ে হামের বিস্তার ঠেকাতে আগামী ৩ মে থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে।
এছাড়া আগামী ১২ মে থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলাতেও আলাদা করে টিকাদান কর্মসূচি চালু করা হবে।
রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব শিশু যেন ঝুঁকির বাইরে থাকে, সে লক্ষ্যেই ধাপে ধাপে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং এটিকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। পরিস্থিতি এতটাই গুরুতর যে এটি করোনার সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনীয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, আজ থেকেই দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে কার্যক্রম চালু করেছে বলে জানা গেছে।
