ইরানে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে দেশটি থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে।
রোববার (৫ এপ্রিল) সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে। উদ্ধার হওয়া ওই সদস্য ছিলেন বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’। বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনি সেখান থেকে বের হতে সক্ষম হন এবং আহত হলেও চলাচল করতে পারছিলেন।
এর আগে একই ঘটনার পরপরই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছিল, কারণ বিমানের দুই ক্রুকে ধরতে অভিযান শুরু করেছিল ইরানের বিপ্লবী গার্ড।
এক মার্কিন কর্মকর্তা জানান, শনিবার ওই ক্রুকে উদ্ধারে বিশেষ কমান্ডো ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তার জন্য আকাশপথে একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়।
উদ্ধার অভিযানের সময় বিপ্লবী গার্ডের সদস্যরা এগিয়ে আসলে তাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফল অভিযানের পর সংশ্লিষ্ট মার্কিন সেনারা ইরান ত্যাগ করেছে।
অন্য সূত্রগুলো জানায়, দুর্ঘটনার পর পাইলট ও ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগ যন্ত্রের মাধ্যমে সংযোগ বজায় রাখেন। বিমান বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়, আর দ্বিতীয় ক্রুকে একদিন পর উদ্ধার করা হয়।
