পড়াশোনা ও খেলাধুলার চেয়ে বর্তমানে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনীতির মাধ্যমেই দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং গণতন্ত্রের প্রতি আগ্রহও বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভোলা সফরের পথে যাত্রাবিরতির সময় এক প্রশ্নের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনেও ছিল রাজনৈতিক চেতনা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ। একইভাবে যখনই দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে তা প্রতিরোধ করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্পিকারের মতে, রাজনীতির ইতিবাচক দিক হলো—এটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করেছে। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্রকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
এর আগে বরিশালে পৌঁছে স্পিকার তার শৈশবের স্মৃতিচারণা করেন। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ভোলার উদ্দেশে রওনা দেন।
