সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
নিহত আঁখি খাতুন শহরের জুবলী রোড এলাকার ফুড কেয়ার হোটেলের মালিক ফারুক হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
দুর্ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। আটক চালক আশরাফুল ইসলাম আশা শহরের সয়াধানগড়া মহল্লার বাসিন্দা। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
