ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে জয়ী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিজয় অর্জিত হলেও দায়িত্ব শেষ হয়নি; সামনে আরও বড় সংগ্রাম রয়েছে।
ঢাকা-১১ এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি ন্যায়ভিত্তিক ও নিরাপদ একটি আসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, নানা হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ উপেক্ষা করে জনগণ যে আস্থা রেখেছে, তা-ই তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়েছে। তিনি জুলাইয়ের শহীদদেরও স্মরণ করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, ১১ দলীয় জোটের তৃণমূল নেতাকর্মীদের পরিশ্রম, মা-বোনদের ঘরে ঘরে প্রচারণা এবং ছাত্র-যুবকদের কেন্দ্র পাহারার কারণে এই জয় সম্ভব হয়েছে। সবার ঐক্য ও নিষ্ঠার ফলেই বিজয় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, অচিরেই ঢাকা-১১ আসনের বিভিন্ন এলাকায় সরাসরি জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার ভাষ্য অনুযায়ী, লক্ষ্য কেবল নির্বাচন জেতা নয়; বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
পোস্টে তিনি আরও বলেন, ওসমান হাদীসহ জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, জুলাই সনদের বাস্তবায়ন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তরুণদের ক্ষমতায়ন—এসবই তার অঙ্গীকারের অংশ।
নিজের প্রথম নির্বাচনে সীমিত সময়ের প্রচারণার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সবার কাছে পৌঁছাতে না পারলেও জনগণ ‘শাপলা কলি’ প্রতীকে আস্থা রেখেছেন। তিনি সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
শেষাংশে তিনি লেখেন, “আমাদের কাজ এখানেই শেষ নয়। প্রতিটি বাধা অতিক্রম করে আমরা একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধ ঢাকা-১১ গড়ে তুলব।”
