ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছিল ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টা চালু থাকা এ কার্যক্রমে নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল জমা পড়ে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান ও বাংলাদেশ পুলিশ–এর অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত কলের মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত অভিযোগ। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে চেয়ে।
পুরো কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে পরিচালিত হয়েছে। নির্বাচনসংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনানুগ সমাধান নিশ্চিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
