বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের শতকরা হার প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সংস্থাটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ।
ঘোষিত হিসাব বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটি ২৯০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে ২০৯ আসনে জয় তুলে নিয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১.৭৬ শতাংশ। ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি ৬৮ আসনে জয়ী হয়েছে।
ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যারা সম্মিলিতভাবে পেয়েছেন ৫.৭৯ শতাংশ ভোট। তারা দেশের ২৭৪টি আসনে বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর পরেই রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা ৩.০৫ শতাংশ ভোট পেয়েছে। ৩২ আসনে প্রার্থী দিয়ে দলটির ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২.৭০ শতাংশ ভোট এবং একটি আসনে জয় লাভ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস অর্জন করেছে ২.০৯ শতাংশ ভোট।
অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার এক শতাংশের নিচে রয়েছে। জাতীয় পার্টি ১৯৯ আসনে প্রার্থী দিলেও তাদের ভোটের হার দাঁড়িয়েছে ০.৮৯ শতাংশে।
